Views Bangladesh Logo

পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে সরকার: পর্যটন প্রতিমন্ত্রী

বাংলাদেশের পর্যটন খাতে আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তুলতে সংযুক্ত আরব আমিরাতের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘ইমার প্রোপার্টিজ’-এর বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে বলে জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের ইমারের মতো (ইমার প্রোপার্টিজ) বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছি। তারা বুর্জ খলিফা নির্মাণ করেছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন স্থাপনার উন্নয়নে তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।’

অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই দৌড় প্রতিযোগিতার প্রশংসা করে মন্ত্রী আরও বলেন, ‘এটিজেএফবির এ ধরনের আয়োজন একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, অন্যদিকে বাংলাদেশের পর্যটন খাতের প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা পয়েন্ট থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ৭.৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক রান এবং ২ কিলোমিটার ফান রান—এই দুই বিভাগে প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রিদম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সোহাগ হোসেন, এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং বিউটিফুল বাংলাদেশ রানের রেস ডিরেক্টর সফিউল্লাহ সুমন।

দৌড় শেষে বিজয়ীদের হাতে ট্রফি, পদক এবং বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিটসহ আকর্ষণীয় র‍্যাফেল ড্রর পুরস্কার তুলে দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ