সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মতবিনিময় সভা
বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ১১টায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে এ সভা বসবে। সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ড, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেবেন। ছয় মাসে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ কতটা বাস্তবায়িত হয়েছে, কোন কোন ক্ষেত্রে অগ্রগতি এসেছে এবং সামনে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, সেসব বিষয়ে সভায় আলোচনা হতে পারে।
সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত থাকবেন। এছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীরও অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী সভায় থাকবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালও এতে অংশ নেবেন।
প্রেস উইংয়ের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় সরকারের বিভিন্ন খাতে নেওয়া কর্মসূচির বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারের ১৮০ দিন পূর্তিকে ঘিরে এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কার্যক্রম পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরও ১৭ আগস্টের মধ্যে দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরাসহ কয়েকটি বিষয়ে নির্দেশনা দিয়েছিল।
মতামত দিন