Views Bangladesh Logo

গণঅভ্যুত্থানে আহত ১,৪০১ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকার গেজেট প্রকাশ

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ১,৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অতি গুরুতর আহত ৪৯৩ জনকে ‘ক’ শ্রেণি এবং গুরুতর আহত ৯০৮ জনকে ‘খ’ শ্রেণিতে রাখা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ তালিকা তৈরি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যা শুক্রবার সকালে গেজেট আকারে প্রকাশ করা হয়। পরে ‘গ’ শ্রেণির আহতদের তালিকাও মন্ত্রণালয় প্রকাশ কববে বলেও জানা গেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটটিতে আহতদের নাম, পিতা-মাতার নাম, মেডিকেল কেস আইডি ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে। এর আগে ১৫ জানুয়ারি ৮৩৪ শহীদের তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই তালিকার ভিত্তিতে শহীদদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেয়া হবে।

এ বিষয়ে গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই অভ্যুত্থানে নিহত ৮৩৪ জনের পরিবারের সদস্যরা ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র পাবেন। এই টাকার মধ্যে চলতি (২০২৫–২৬) অর্থবছরে ১০ লাখ টাকা এবং ২০২৬–২৭ অর্থবছরে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হবে। এছাড়া প্রতিটি পরিবার মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।

মেডিকেল বোর্ডের তথ্যমতে, অভ্যুত্থানে আহতদের তিন ক্যাটাগরিতে ভাগ কর হয়েছে। প্রতিটি ক্যাটাগরির আহতদের জন্য আর্থিক সহায়তা ছাড়াও সরকারি ও পুনর্বাসন সুবিধা নির্ধারণ করা হয়েছে।

‘এ’ শ্রেণিতে রয়েছেন ৪৯৩ জন, যারা অন্যের সাহায্য ছাড়াই জীবনযাপন করতে পারেন। তারা পাবেন ৫ লাখ টাকা। এর মধ্যে চলতি বছরে ২ লাখ টাকা এবং পরের বছরে বাকি ৩ লাখ টাকা পাবেন। এ ছাড়াও মাসিক ভাতা পাবেন ২০ হাজার টাকা। এর পাশপাশি সরকারি হাসপাতালে আজীবন বিনামূল্যে চিকিৎসা ছাড়াও দেশ-বিদেশে চিকিৎসার সুযোগ পাবেন। এসব ছাড়াও তাদের দেয়া হবে পরিচয়পত্র, যা দিয়ে সরকারি সুবিধা নিতে পারবেন।

‘বি’ শ্রেণিতে গুরুতর আহত রয়েছেন ৯০৮ জন। তাদের ৩ লাখ টাকা করে দেয়া হবে। এ বছর তারা ১ লাখ এবং আগামী বছর ২ লাখ টাকা পাবেন। এ ছাড়াও প্রতি মাসে আহতরা পাবেন ১৫ হাজার টাকা। এর পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন তারা।

‘সি’ শ্রেণিতে আহত রয়েছেন ১০,৬৪৮ জন। তারা এককালীন ১ লাখ টাকা এবং মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন। এ ছাড়াও পুনর্বাসন সুবিধার পাশাপাশি পরিচয়পত্র দিয়ে সরকারি সুবিধা নেয়ার সুযোগ পাবেন তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ