বিদেশি নাগরিকদের জন্য ‘অন-অ্যারাইভাল ভিসা’ চালু করল সরকার
বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশের ক্ষেত্রে ‘অন-অ্যারাইভাল ভিসা’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, “ মাত্র ১০ মিনিটের মধ্যেই ভিসা ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। উপদেষ্টা বলেন, ‘মূল সময় লাগবে শুধু সোনালী ব্যাংকে ফি জমা দিতে। কার্ড বা নগদের মাধ্যমে ভিসার ফি পরিশোধ করার সুযোগ রাখা হয়েছে।’
এ সময় পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিল করার পরিকল্পনা শেয়ার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও এখনো যাচাই প্রক্রিয়ার ক্ষেত্রে প্রয়োজন। তবে এটি সরলীকরণের কাজ চলছে। ভবিষ্যতে সম্পূর্ণভাবে পুলিশ ভেরিফিকেশন বিলুপ্ত করার লক্ষ্য রয়েছে।’
জানা গেছে, এই ভিসা পাওয়ার জন্য বিদেশি নাগরিকদেরকে অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। আবেদন সম্পন্ন হলে তাদেরকে একটি কোড প্রদান করা হবে, যা বিমানবন্দরে দেখাতে হবে। এরপর নির্ধারিত ফি পরিশোধের ৫ থেকে ১০ মিনিটের মধ্যে যাত্রীদেরকে ‘অন-অ্যারাইভাল ভিসা’ প্রদান করা হবে, যেটির মেয়াদ এক মাস থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে