বোয়িংয়ের উড়োজাহাজ লিজ নিতে চায় সরকার
যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ ভাড়া (লিজ) নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে বিমানমন্ত্রী আফরোজা খানমের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে বিগত অন্তর্বর্তী সরকারের সময় বোয়িং থেকে উড়োজাহাজ কেনার চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দেশের বর্তমান চাহিদা পূরণে বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন বিমানমন্ত্রী। তিনি দ্রুততম সময়ের মধ্যে লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন।
জবাবে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি জানান, বোয়িংয়ের ন্যারো বডি এয়ারক্রাফট, বিশেষ করে বোয়িং-৭৩৭ সিরিজ লিজ দেওয়ার বিষয়ে তারা আগ্রহী।
সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সরকার ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করার দিকে এগোচ্ছে। পরিকল্পনা অনুযায়ী বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে বাংলাদেশে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে