এলপিজির শুল্ক-ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ স্বাভাবিক ও বাজার স্থিতিশীল রাখতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ও শুল্ক পুরোপুরি মওকুফ করেছে সরকার। একই সঙ্গে আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এনবিআর জানায়, আগে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রযোজ্য ছিল। শিল্প ও গৃহস্থালি খাতে অপরিহার্য এই পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার থাকবে। পাশাপাশি আমদানি পর্যায়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট কার্যকর হবে।
এনবিআরের মতে, প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পর এলপিজি ক্রয়ে ভোক্তাদের ওপর মোট করের চাপ আগের তুলনায় প্রায় ২০ শতাংশ কমবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে