তাবলিগের মারকাজ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
শান্তিপূর্ণভাবে তাবলিগি মারকাজে সহাবস্থান বজায় রেখে নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখতে মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। এতে সই করেন উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা ও উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের এবং মাওলানা সাদের অনুসারীরা এখন থেকে যার যার তাবলিগি মারকাজে অবস্থান করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখবেন। একপক্ষ অন্যপক্ষের মারকাজে কোনো ধরনের বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এর আগে গত ১৭ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে তাবলিগ জামাতের এই দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন মারা যান। পরে দুইপক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমা ময়দান খালি করার সিদ্ধান্ত নেয় সরকার। একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করে পুলিশ। তবে বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইজতেমা ময়দান ঘিরে জারি করা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর মহানগর পুলিশ আইনের ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটারের মধ্যে জারি করা আদেশগুলো বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে প্রত্যাহার করা হলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে