ফিলিং স্টেশনে জ্বালানি তেল ক্রয় সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি
সারাদেশে জ্বালানি তেল নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়ায় ফিলিং স্টেশন থেকে তেল ক্রয় ও সরবরাহের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।
শুক্রবার (৬ মার্চ) জ্বালানি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় প্রতিটি ফিলিং স্টেশন কী পরিমাণ তেল সরবরাহ করতে পারবে এবং ভোক্তারা কতটুকু জ্বালানি সংগ্রহ করতে পারবেন—তা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
নির্দেশনায় জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণের ক্ষেত্রে ৫টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেগুলো হলো:
১. ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল গ্রহণের সময় ভোক্তাকে আবশ্যিকভাবে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখসহ ক্রয় রসিদ প্রদান করতে হবে।
২. ফিলিং স্টেশন থেকে প্রতিবার জ্বালানি তেল গ্রহণের সময় পূর্ববর্তী ক্রয় রসিদ/বিল প্রদর্শন করতে হবে।
৩. ডিলাররা বরাদ্দ ও নির্দেশনা অনুযায়ী ক্রয় রসিদ প্রদান করে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ করবেন।
৪. ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেলের মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ডিপোতে প্রদান সাপেক্ষে জ্বালানি তেল উত্তোলন করবে।
৫. তেল বিপণন কোম্পানিগুলো ডিলারদের জ্বালানি তেল সরবরাহের পূর্বে বর্তমান বরাদ্দের আলোকে মজুত ও বিক্রয় সংক্রান্ত তথ্য পর্যালোচনা করবে; কোনোভাবেই বরাদ্দের অতিরিক্ত তেল দেওয়া যাবে না।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনায় বিশ্ববাজারে ব্যাপক জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। গত দুদিন ধরে দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে