ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণের ভূমি রক্ষায় সরকারি উদ্যোগের দাবি
বরেণ্য সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গণ’-এর ভূমি রক্ষায় দ্রুত সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা।
শনিবার (১৬ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। কর্মসূচির আয়োজন করে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ ভূমি রক্ষা কমিটি’।
বক্তারা বলেন, ১৯৫৫ সালে ওস্তাদ আলাউদ্দিন খাঁ বাড়িটি ক্রয় করেন এবং ১৯৫৬ সালে তা ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিউজিক কলেজ’-এর নামে দান করে ব্যক্তিগত স্বত্ব ত্যাগ করেন। স্বাধীনতার পর থেকে প্রতিষ্ঠানটি ‘সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণ’ নামে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।
সমাবেশে অভিযোগ করা হয়, একটি ভূমিদস্যু চক্র ভুয়া দলিল তৈরি করে প্রতিষ্ঠানটির জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা দাবি করেন, জমি দখলের ষড়যন্ত্রের অংশ হিসেবে ২০১৬ ও ২০২১ সালে সংগীতাঙ্গণে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
তারা আরও বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ-বিদেশে সাংস্কৃতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে। সম্প্রতি ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মানবপুতুল নাচ পরিবেশন করে প্রশংসা অর্জন করেছে। এছাড়া জাপানেও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রেখেছে।
বক্তারা বলেন, যেহেতু ১৯৫৬ সালেই জমিটি সংগীতাঙ্গণের নামে দান করা হয়েছিল, তাই পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে ওই জমি বিক্রি বা পুনরায় দান করার সুযোগ নেই। দ্রুত ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ কালচারাল কমপ্লেক্স’ প্রকল্প বাস্তবায়নেরও দাবি জানাচ্ছি।
সমাবেশে সভাপতিত্ব করেন ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক সাংবাদিক আবদুন নূর। সঞ্চালনা করেন সদস্যসচিব জহিরুল ইসলাম স্বপন। এতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে