ছাত্রদের দল গঠনে সরকারি প্রভাব গ্রহণযোগ্য নয়: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে, তাহলে বিএনপি তাকে স্বাগত জানাবে। তবে সরকারের প্রভাব বা সহায়তায় কোনো রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।
‘সরকারি কর্মকর্তাদের কোনো উস্কানিমূলক বা সংঘাতময় বক্তব্য না দেবারও আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে দোয়া মাহফিল ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনার দেশত্যাগে দেশবাসী কিছুটা স্বস্তির নিশ্বাস নিতে পারছেন। তার শাসনকালে ১৮ কোটি মানুষ আতঙ্কে ছিলেন। অতীতে ষড়যন্ত্রে লিপ্ত থাকা হাসিনা আজও তার কৃতকর্মের অনুশোচনা করেন না’।
প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ন্যূনতম রাজনৈতিক সংস্কার করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল। বিগত সরকারের ‘অসুস্থ অর্থনীতির’ কারণে বাজারে দ্রব্যমূল্য বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দক্ষিণখানে গুমের শিকার মুন্নার পরিবারের কান্নার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ঘটনাগুলো আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। শেখ হাসিনা দেশে গুম-খুনের রাজত্ব কায়েম করেছিলেন’।
মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান। ছিলেন উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন ও এম কফিল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুস সালাম, মোস্তফা সরকার, আলফাজ হোসেন ও আলমগীর হোসেন শিশির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেলাল উদ্দিন তালুকদার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে