সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি
বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে ২ দশমিক ০৩ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় প্রতিষ্ঠান নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড থেকে আনা ১৪৫টি কাঠের বাক্সে সংরক্ষিত চালানটি বেনাপোল বন্দর দিয়ে খালাস করা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্যে একটি কাভার্ড ভ্যানে করে তা যশোর সেনানিবাসে পাঠানো হয়।
বেনাপোল বন্দরের ওয়্যারহাউস ইনস্পেক্টর শাহাদৎ হোসেন জানান, চালানটি নিরাপদে খালাসের পর বন্দর থেকে শার্শা পর্যন্ত বিজিবির ছয় সদস্যের একটি দল নিরাপত্তা নিশ্চিত করে। এরপর শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল।
বন্দর সূত্র জানিয়েছে, আগামী ৯ আগস্ট যশোর সেনানিবাস থেকে টিয়ার গ্যাস শেলগুলো গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিতে (বিওএফ) স্থানান্তর করা হবে। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিনও চালানটি নিরাপদে খালাস ও যশোর সেনানিবাসে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত দিন