প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যকর করা গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ দেশের বড় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, শুধু বাজেট বরাদ্দ বা বিনিয়োগ বাড়ালেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। পুরো স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে গুণগত পরিবর্তন আনতে হবে। এ জন্য চিকিৎসক, শিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজ নিজ দায়িত্ব পালনে আরও পেশাদার ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, সরকার প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয়তা, অগ্রাধিকার, কার্যকারিতা ও পরিবেশগত বিষয়কে গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যখাতেও একই নীতি অনুসরণ করা হবে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার প্রস্তুত থাকলেও সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বৈশ্বিক সেরা চর্চা অনুসরণ করে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার কাজ করছে।
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন