Views Bangladesh Logo

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: তদন্তে ৯ সদস্যের কমিশন গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় একটি ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিশনের দায়িত্ব হচ্ছে, দুর্ঘটনার কারণ ও দায়-দায়িত্ব নির্ধারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।

রোববার (২৭ জুলাই) রাতে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনকে আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান। কমিশনের বাকী সদস্যরা হলেন- বিমানবাহিনীর সাবেক সহকারী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল এম সাঈদ হোসাইন (অব.), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আশিকুর রহমান এবং আইনজীবী আশরাফ আলী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন ২১ জুলাই মাইলস্টোন স্কুলে সংঘটিত বিমান বিধ্বস্তের ঘটনার কারণ ও দায়-দায়িত্ব শনাক্ত করবে। এছাড়া স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য ব্যক্তির প্রাণহানি, আহত হওয়ার ঘটনা এবং অন্যান্য ক্ষয়ক্ষতির বিস্তারিত নিরূপণ করবে।

কমিশনের দায়িত্বের মধ্যে রয়েছে বিমানবন্দরের কাছাকাছি এলাকায় মাইলস্টোন স্কুলসহ অন্যান্য স্থাপনা নির্মাণ এবং ফ্লাইং জোনের নিরাপত্তা ও আইনগত দিক পর্যালোচনা করা। এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ বিমান পরিচালনা, ফ্লাইং জোনে ভবন নির্মাণ নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ প্রদান করা। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শও দেবে কমিশন।

কার্যপরিধি অনুযাযী বাংলাদেশের যেকোনো স্থান পরিদর্শন করতে এবং প্রয়োজনে যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্ত কমিশন। ‘দ্য কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট-১৯৫৬’ অনুসারে তদন্ত পরিচালনা করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে কমিশনকে। এ কাজে তাদেরকে সাচিবিক সহায়তা করবে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ