প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিরবচ্ছিন্ন রাখতে এবং জনস্বার্থ বিবেচনায় সরকারের পূর্বের আদেশের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশির পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতামাতার নাম বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা সংশোধিত তথ্যের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে নতুন পাসপোর্ট বা পুনঃইস্যুর জন্য আবেদন করতে পারবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আদেশের মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত ছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।
মতামত দিন