দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়াল সরকার
বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। এখন থেকে পূর্বের সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত বিপণিবিতান খোলা রাখা যাবে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা ও পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সময়সীমা বাড়ানোর নির্দেশ দেন। আজ থেকেই নতুন সময়সূচি কার্যকর হয়েছে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আগের সময়সীমা বহাল রাখার কথা বললেও পরে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।
জ্বালানি পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দেশে এপ্রিল মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের চাহিদা মেটাতে প্রয়োজনীয় পেট্রোল ও অকটেন সংরক্ষিত আছে। নতুন কিছু উৎস থেকে জ্বালানি আমদানির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, কৃষি খাতে জ্বালানি সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেচ মৌসুমে কৃষকদের যেন কোনো সমস্যায় পড়তে না হয়, সে জন্য জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সম্প্রতি সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে বিপুলসংখ্যক ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা এবং উৎসবের কেনাকাটার বিষয় বিবেচনায় সময় বাড়ানোর দাবি উঠেছিল। নতুন সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে অফিস আদালত আগের ঘোষিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্তই চলবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে