সৌদিতে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের শোক
সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ সরকার গভীর শোক প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিরীহ বাংলাদেশি বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনা গভীর উদ্বেগের বিষয়। নিহতরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদীর বাসিন্দা বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মোশাররফ হোসেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আহতদের খোঁজখবর নিয়েছেন এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশ নিরীহ মানুষের প্রাণহানি ঘটায় এমন হামলার তীব্র নিন্দা জানায় এবং সংশ্লিষ্ট সবপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায়। একই সঙ্গে পরিস্থিতি প্রশমনে এবং প্রাণহানিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে