Views Bangladesh Logo

৯ম পে-স্কেলের গেজেটের দাবিতে যমুনা ঘেরাও সরকারি কর্মচারীদের, টিয়ারগ্যাস নিক্ষেপ

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে একচুলও সরে যাবেন না। টিয়ারগ্যাস নিক্ষেপের পরও অনেক আন্দোলনকারী ঘটনাস্থল ছাড়েননি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে নবম পে কমিশন গঠন করা হলেও দীর্ঘদিন পার হয়ে গেলেও গেজেট প্রকাশ করা হয়নি। বারবার আশ্বাস দিয়েও বাস্তবায়ন না করায় সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে দাবি করেন তারা।

এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন সরকারি চাকরিজীবীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হন। পথে পুলিশের বাধা, ব্যারিকেড এবং জলকামান থেকে পানি নিক্ষেপের ঘটনাও ঘটে।

উল্লেখ্য, দাবি আদায়ে এর আগে টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার সেই কর্মবিরতি চার ঘণ্টায় বাড়ানো হয়। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই আজ যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি আরও কঠোর করার প্রস্তুতি রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ