সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাবেন মহার্ঘ্য ভাতা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে মহার্ঘ্য ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। রোববার (১৫ ডিসেম্বর) মহার্ঘ্য ভাতা ও বঞ্চনা নিরসন কমিটির প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। পেনশনাররাও পাবেন।
সিনিয়র সচিব বলেন, মহার্ঘ্য ভাতা পর্যালোচনা ও সুপারিশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ সচিব ও লেজিসলেটিভ বিভাগের সচিব আছেন।
মোখলেস উর রহমান বলেন, ‘সরকার শুধু সিদ্ধান্তই নেয়নি, একটা কমিটিও করে দিয়েছে। কমিটিতে আমিও আছি। এজন্য আমি আপনাদের মাধ্যমে সব শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটা সুখবর দিতে চাই। পে-কমিশন করা দীর্ঘসময়ের ব্যাপার হওয়ায় মহার্ঘ্য ভাতা কমিটি করেছে সরকার। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব। সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সীমা নির্ধারণ করতে একটি কৌশল ঠিক করা হবে। এবার যাতে পেনশনাররা মহার্ঘ্য ভাতা পায় সে ব্যাপারে সরকার একমত।’
তিনি আরও বলেন, ‘এটি খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। যাতে মহার্ঘ্য ভাতা দেওয়া যায়। আমাদের চেষ্টা থাকবে দ্রুত সম্ভাব্য সময় নির্ধারণ করে সরকারের কাছে সুপারিশ করা। এরপর সরকার এটি বাস্তবায়ন করবে। এটা যত তাড়াতাড়ি করা যায় তত মঙ্গল।’
কত শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া হবে- এ বিষয়ে জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, সেটা এই কমিটি সুপারিশ করবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা নির্ধারণ করে দেওয়া হবে অবশ্যই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে