সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দিতে হবে: উপদেষ্টা খালিদ
সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দেয়ার আহ্বান জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন।
তিনি বলেন, “সব সরকারি কর্মকর্তাদের তাদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। আমরা উপদেষ্টারা, আমাদের সম্পদের বিবরণী জমা দিচ্ছি। সম্পদ অস্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে জবাবদিহি অপরিহার্য। সুশাসন ছাড়া রাষ্ট্র চলতে পারে না।” বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর জেলা সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “জাতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাষ্ট্রীয় পর্যায়ের সংস্কার চায় এবং আমরা তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।” বিশেষ রাজনৈতিক দল, নেতা বা প্রতীকের প্রতি কারও আকর্ষণ থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, “তবে ভিন্নমত দমন করে নিজ দলের লোকদের পদোন্নতি ও নিয়োগ দিয়ে অফিসে রাজনীতি করা অপরাধ।”
এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। এ সময় জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার (এসপি) তারেক বিন রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে