সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় ৮৯ হাজার কোটি টাকা বরাদ্দ
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা থাকলেও এ খাতে আলাদাভাবে কোনো বাড়তি বরাদ্দ রাখা হয়নি।
বরাদ্দের বিভাজনে দেখা যায়, ক্যাডার কর্মকর্তাদের বেতন বাবদ ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের বেতন বাবদ ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং কর্মকর্তা-কর্মচারী উভয় শ্রেণির ভাতা বাবদ ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা সামান্য বাড়িয়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকা নির্ধারণ করা হয়। সে হিসাবে আসন্ন অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়ছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো আংশিকভাবে অথবা মূল বেতনের অর্ধেক পরিমাণে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গঠিত পে কমিশনের সুপারিশ হুবহু কার্যকর করা হবে না।
কমিশনের সুপারিশ পর্যালোচনায় সরকার ইতোমধ্যে একটি সচিব কমিটি গঠন করেছে। কমিটি এখনো চূড়ান্ত সুপারিশ জমা দেয়নি।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সচিব কমিটি প্রস্তাবিত বেতন কাঠামো পুনর্বিবেচনা করে বেতন বৃদ্ধির হার কমিয়ে সুপারিশ পেশ করতে পারে।
তবে জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বাজেটে অর্থের সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, বিভিন্ন খাতে থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিত খাতের অর্থ থেকে নতুন কাঠামো কার্যকর করা হবে। এ লক্ষ্যে বিভিন্ন খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে।

মতামত দিন