ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
রাষ্ট্রের কাছে দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান উল্লেখ করে ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বিভাজন বিএনপি সরকার মেনে নেবে না বলে মন্তব্য করেছেন রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দিরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ ও পরিচয়ের ভিন্নতা ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার কারণেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে স্বৈরাচারকে পরাজিত করা সম্ভব হয়েছে। সেই ঐক্যের ভিত্তিতেই একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, নতুন বাংলাদেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘু হিসেবে নাগরিকদের আলাদা করে দেখার সুযোগ নেই। রাষ্ট্রের চোখে প্রত্যেক নাগরিক সমান এবং সবাই সমান অধিকার ভোগ করবেন। ধর্মীয় পরিচয় কোনোভাবেই নাগরিক অধিকার নির্ধারণের মানদণ্ড হতে পারে না।
হাবিবুর রশিদ বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই নীতিই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্ব পাবে। দেশের মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে দল ও মতের ঊর্ধ্বে উঠে তাকে নির্বাচিত করায় স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে ঢাকা-৯ আসনকে উন্নয়ন ও নাগরিকসেবার ক্ষেত্রে দেশের একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতামত দিন