কাঁচা পাট রপ্তানি নিরুৎসাহিত করছে সরকার: প্রতিমন্ত্রী
পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে এবং বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমাতে দেশেই নতুন জাতের পাটের বীজ উদ্ভাবনে গবেষণা চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। একই সঙ্গে পাটভিত্তিক শিল্পে কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে কাঁচা পাট রপ্তানিকে সরকারিভাবে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি।
রোববার (১২ জুলাই) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা সভায় অংশ নেওয়ার পর অসহায় ও দুস্থ নারীদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশ থেকে পাটের বীজ আমদানির প্রয়োজনীয়তা কমিয়ে দেশীয়ভাবে উন্নতমানের বীজ উৎপাদনের লক্ষ্যে গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে পাটখাতে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি উৎপাদনও বাড়বে।
তিনি আরও বলেন, দেশের পাটভিত্তিক শিল্পে কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কাঁচা পাট রপ্তানিকে সরকারিভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি গত বছরের মতো এবারও কৃষকরা তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন।
অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া ১৮ জন অসহায় ও দুস্থ নারীর হাতে মোট ১০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়া আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আরও পাঁচজন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন