Views Bangladesh Logo

২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে মোট ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল সরাসরি ক্রয়পদ্ধতিতে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১ লাখ টন অপরিশোধিত তেল এবং ১ লাখ ৬০ হাজার টন ডিজেল কেনা হবে।

মঙ্গলবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এর আগে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।

বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে ‘আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটস’ থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল সংগ্রহ করা হবে। পাশাপাশি ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন থেকে ৬০ হাজার টন ডিজেল এবং এক্সন মোবিল কাজাখস্তান ইনকরপোরেটেড (ইএমকেআই) থেকে আরও ১ লাখ টন ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

সরকার বলছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আগাম প্রস্তুতি হিসেবে জ্বালানি মজুত বাড়ানো এবং সরবরাহ স্বাভাবিক রাখতেই দ্রুত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বৈঠকে হংকংয়ের ফালকো করপোরেশন লিমিটেড, আর্চার এনার্জি এলএলসি এবং ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে জ্বালানি তেল কেনার আরও তিনটি প্রস্তাব আলোচনা থেকে প্রত্যাহার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ