Views Bangladesh Logo

দেশের সব পাবলিক ও কমার্শিয়াল পরিবহনে জিপিএস চালুর সিদ্ধান্ত

গণপরিবহন ও বাণিজ্যিক যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে দেশের সব পাবলিক ও কমার্শিয়াল পরিবহনে জিপিএস (GPS) সিস্টেম চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, জিপিএস প্রযুক্তি চালু হলে যানবাহনের অবস্থান, গতি এবং ট্রাফিক আইন মানা হচ্ছে কি না—সবকিছু সহজে মনিটর করা সম্ভব হবে। একই সঙ্গে মাঝপথে যাত্রী ওঠানো, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মও নিয়ন্ত্রণে আনা যাবে।

তিনি জানান, প্রাথমিকভাবে দেশের সব বাস ও বাণিজ্যিক যানবাহনে জিপিএস ডিভাইস স্থাপন করা হবে। নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে এবং সংশ্লিষ্ট গাড়ির মালিকের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় নামলে জিপিএস ডাটার মাধ্যমে সহজেই শনাক্ত করা যাবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এ কার্যক্রম বাস্তবায়নে বিআরটিএ ও পুলিশ যৌথভাবে কাজ করবে।

ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, এবারের যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক ছিল এবং প্রায় দেড় কোটি মানুষ নিরাপদে বাড়ি ফিরেছে। তবে দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রীদের সচেতনতার ঘাটতির বিষয়টিও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, ফেরি পারাপারে নিরাপত্তা বাড়াতে নতুন নির্দেশনা দেওয়া হচ্ছে। গাড়ি ওঠানোর আগে সব যাত্রী নামানো বাধ্যতামূলক করা হবে এবং প্রয়োজনে ব্যারিয়ার স্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে সিসিটিভি ও স্পিড ক্যামেরার মাধ্যমে ডিজিটালভাবে মামলা পরিচালনা শুরু হয়েছে। জিপিএস চালু হলে এ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ