অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষাব্যবস্থা চালুর চিন্তা সরকারের
দেশে চলমান বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রভাব মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাম্প্রতিক রোজার ছুটি, আন্দোলনসহ বিভিন্ন কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে বিঘ্ন ঘটেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক ও কলেজ পর্যায়ে আংশিক অনলাইন শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আলাদা ব্যবস্থাপনা থাকতে পারে।
শিক্ষামন্ত্রী জানান, একটি জরিপে দেখা গেছে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু হলে শিক্ষার্থীদের সামাজিক বিকাশে প্রভাব পড়তে পারে—এ বিষয়টিও সরকার গুরুত্ব দিচ্ছে।
এছাড়া মহানগর এলাকায় ট্রাফিক জট ও জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস, বৈদ্যুতিক বাস এবং সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে