হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাবের প্রভাবে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল
দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, জরুরি পরিস্থিতি মোকাবিলা, নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, এটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে।
হাম সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ইতোমধ্যে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রমের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই আদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে