শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়তে একসঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সরকার
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রেস উইং আরও জানায়, বই পড়ার কর্মসূচি কীভাবে সারাদেশের শিক্ষার্থীদের মাঝে বিস্তৃত করা যায় সে বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে অন্যান্যদের মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডা. জাহেদ উর রহমান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন অধ্যাপক আবু সায়ীদ। সেই সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ার কর্মসূচির সঙ্গে সরকারের সম্মিলিতভাবে কাজ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে