Views Bangladesh Logo

সরকার বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে বিশ্বাস করে সরকার সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। রাষ্ট্র ও সমাজে কেউ যাতে পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকরা প্রয়োজনীয় সহায়তা পাবেন। একই সঙ্গে নাগরিকরাও রাষ্ট্রের প্রতি নিজেদের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্র, সরকার ও নাগরিকদের পারস্পরিক দায়িত্ব, আস্থা ও আলোচনার মাধ্যমেই কাঙ্ক্ষিত কল্যাণরাষ্ট্র গড়ে উঠবে।

তারেক রহমান বলেন, এই দেশ আপনার, আমার, আমাদের সবার। নাগরিক হিসেবে এই দেশে আপনার-আমার-আমাদের সবার অধিকার সমান।’ ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

জন্মাষ্টমীর পর আসন্ন দুর্গাপূজার কথা উল্লেখ করে সনাতন ধর্মাবলম্বীদের শান্তি, স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং আসন্ন দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ