ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছার আগেই আমরা আমাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি।
শনিবার (১৪ মার্চ) ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, যারা কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষের সম্মান অর্জন করেছেন এবং জীবনের কঠিন মুহূর্তে ভালো উপদেশের আশা রাখেন।
তারেক রহমান বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য আর্থিক সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্য দূর করা হবে। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম।
তিনি উল্লেখ করেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। এটি পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারিত হবে। ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে চালু হচ্ছে ফার্মার্স কার্ড, এবং ১৬ মার্চ দিনাজপুর থেকে শুরু হবে খাল খনন কর্মসূচি। আজ থেকে খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা কার্যক্রমও চালু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, যাদের প্রয়োজন, তাদের প্রত্যেককে সারাদেশে পর্যায়ক্রমিকভাবে সহায়তা দেওয়া হবে। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে আমরা আমাদের দেশকে এমন একটি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে চাই, যাতে আর কোনো ফ্যাসিবাদ বা অন্য অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমাম, খতিব, মুয়াজ্জিনদের সঙ্গে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের ধর্মীয় নেতা, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে