Views Bangladesh Logo

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে বগুড়া ও কক্সবাজারে দুটি নতুন থানা এবং বগুড়া ও সিলেটে দুটি নতুন পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়া একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্গঠন বাস্তবায়ন জাতীয় কমিটির (এনআইসিএআর) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা ভেঙে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলীতে মাতামুহুরী থানা স্থাপন করা হবে। অন্যদিকে বগুড়ার শিবগঞ্জ থানা ভাগ করে নতুন সৃষ্ট মোকামতলা উপজেলায় গঠিত হবে মোকামতলা থানা।

বগুড়ার মোকামতলা উপজেলায় মোকামতলা পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর পৌরসভা গঠনেও সম্মতি দিয়েছে কমিটি।

ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানার নাম বদলে উপজেলার নামের সঙ্গে মিল রেখে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা ভেঙে সৃষ্ট নতুন চন্দ্রগঞ্জ উপজেলার সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজা থেকে হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় সরানো হবে। একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে আলাদা হওয়া নতুন বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বাঙ্গরা ৪০ নম্বর মৌজায় স্থানান্তর করা হবে।

নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব এসেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আর পৌরসভা গঠন ও উপজেলা সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছিল স্থানীয় সরকার বিভাগ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ