বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনছে সরকার, ব্যয় হবে ৭২ কোটি টাকা
ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশি দর্শকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত এই বৈশ্বিক আসরের ম্যাচগুলো দেশের দর্শকদের কাছে পৌঁছে দিতে ‘অল মিডিয়া রাইটস’ কিনছে সরকার।
জানা গেছে, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিশ্বকাপ সম্প্রচারের লক্ষ্যে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ফিফা বিশ্বকাপ-২০২৬-এর মিডিয়া স্বত্ব কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও ট্যাক্সসহ মোট ব্যয় দাঁড়াবে ৭২ কোটি ৭০ লাখ ৬৯২ টাকা।
জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সরকারের এ উদ্যোগের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও কোনো ধরনের ক্যাবল নেটওয়ার্ক বা স্যাটেলাইট সংযোগ ছাড়াই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন।
এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’। পাশাপাশি দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি, টি স্পোর্টস এবং রাষ্ট্রীয় চ্যানেল বিটিভিতে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হবে।
সংশ্লিষ্টদের মতে, বিশ্বকাপের সম্প্রচার সহজলভ্য হওয়ায় দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে খেলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে এবং কোটি দর্শক বৈশ্বিক এই ক্রীড়া উৎসবে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মতামত দিন