হামের টিকা কিনতে সরকারের বরাদ্দ ৪১২ কোটি টাকা
দেশে হামের সংক্রমণ মোকাবিলায় প্রয়োজনীয় টিকা সংগ্রহে ৪১২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ টিকা কেনা হবে।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ১৭০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৬২ হাজার ২৯২ জন। একই সময়ে হামে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫৩৯ জন। সব মিলিয়ে গত তিন মাসে হাম ও এর উপসর্গজনিত কারণে প্রাণহানি ঘটেছে ৬৩১ জনের।
সম্প্রতি দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকা সরবরাহ ও ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এ সময় বাংলাদেশে টিকার সম্ভাব্য ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউনিসেফ। সংস্থাটির ঢাকা প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানিয়েছিলেন, টিকার সংকট বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া এবং বৈঠক করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সাল পর্যন্ত ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা সংগ্রহ করত সরকার। তবে ২০২৫ সালে টিকা ক্রয় রাজস্ব বাজেটের আওতায় এনে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার উদ্যোগ নেওয়া হয়। বর্তমান সিদ্ধান্তের মাধ্যমে আবারও ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা সংগ্রহের পথ উন্মুক্ত হলো।
এদিকে একই বৈঠকে পুলিশের অপারেশনাল কার্যক্রমের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সার, গ্যাসোলিন ও ফার্নেস অয়েল ক্রয়ের প্রস্তাবেও সম্মতি দিয়েছে সরকারি ক্রয় কমিটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে