Views Bangladesh Logo

কাঁচপুরে যাচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল, নীতিগত অনুমোদন

রাজধানীর যানজট কমাতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী চার মাসের মধ্যে কাঁচপুরে নতুন বাস টার্মিনাল ব্যবহার উপযোগী করতে হবে। এজন্য প্রকল্পটি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড বাস্তবায়ন করবে।

‘কাঁচপুর বাস টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট ও অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ’ শীর্ষক কাজ বাস্তবায়নের জন্য এ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যানজট নিরসনের লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ সব কার্যক্রম চার মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ২ হাজার ৫৩২ টাকা।

প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্ম নির্মাণ ও টাইলস বসানো, ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, অফিস কক্ষ, পার্টিশন এবং অন্যান্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হবে।

সংশ্লিষ্টদের মতে, কাঁচপুরে নতুন টার্মিনাল চালু হলে সায়েদাবাদ এলাকায় যানবাহনের চাপ কমবে এবং রাজধানীর পূর্বাঞ্চলের ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ