Views Bangladesh Logo

১৬৩টি নতুন গাড়ি পাচ্ছে র‍্যাব, ব্যয় হবে ১২২ কোটি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আভিযানিক সক্ষমতা বাড়াতে নতুন করে ১৬৩টি যানবাহন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে থাকবে তিনটি জিপ, ১০০টি পেট্রল পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা। ‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব যানবাহন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহ করা হবে।

এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছিল।

উল্লেখ্য, ৫ এপ্রিল অর্থ বিভাগের এক পরিপত্রে সব ধরনের যানবাহন ক্রয় স্থগিত রাখা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও র‍্যাবের কার্যক্রম বিবেচনায় এই প্রকল্পটি অনুমোদন পায়।

একই বৈঠকে আরও কয়েকটি বড় ক্রয় ও আমদানি প্রস্তাবও অনুমোদিত হয়। এর মধ্যে টিসিবির জন্য দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানি, স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি ক্রয়, ঢাকা ও ময়মনসিংহে ১৮টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ এবং শেরেবাংলা নগরে ১২ তলা সরকারি অফিস ভবন নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ