১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিল সরকার
বিশ্ববাজারে জ্বালানি তেলের চলমান অস্থিরতার মাঝে দেশের জরুরি চাহিদা মেটাতে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আমদানিকৃত এই তেলের মান হবে ‘ইএন৫৯০-১০ পিপিএম’।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনা এই প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম সভায় অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ক্রয় চুক্তির আওতায় ‘সরাসরি ক্রয় পদ্ধতি’ অনুসরণ করে ‘মাজেদা অয়েল কোম্পানি লিমিটেড’ থেকে এই ডিজেল সংগ্রহ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজার বিঘ্নিত হচ্ছে। এর ফলে তেল সরবরাহ স্থিতিশীল রাখা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা মোকাবিলা করতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।
জ্বালানি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সরবরাহ ঝুঁকি মোকাবিলা এবং অভ্যন্তরীণ বাজারে নিরবচ্ছিন্ন জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিত করাই এই আমদানির মূল উদ্দেশ্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে