Views Bangladesh Logo

ঠাকুরগাঁওয়ে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন

দেশের উত্তরাঞ্চলে চিকিৎসা শিক্ষার প্রসার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে একটি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। গত বুধবার (১৩ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে ‘ঠাকুরগাঁও মেডিকেল কলেজ’ স্থাপনের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে এই অনুমোদন প্রদান করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। নতুন এই প্রতিষ্ঠানটি যুক্ত হওয়ার মাধ্যমে দেশে বর্তমানে মোট সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮টিতে।

ঠাকুরগাঁওসহ আশপাশের উত্তর জনপদের জেলাগুলোতে উচ্চতর চিকিৎসা শিক্ষা এবং উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ দীর্ঘদিন ধরেই সীমিত ছিল। এই মেডিকেল কলেজ স্থাপনের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই মেডিকেল কলেজ স্থাপনের ফলে স্থানীয় শিক্ষার্থীরা নিজ জেলায় থেকেই চিকিৎসা শাস্ত্রে পড়াশোনার সুযোগ পাবেন এবং এই অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজতর হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে মোট ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আরও ছয়টি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে। নতুন অনুমোদিত এই প্রতিষ্ঠানটি সরকারি মেডিকেল কলেজের তালিকায় ৩৮তম সংযোজন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ