৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে ৫ লাখ টন পরিশোধিত ডিজেল এবং সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে অনলাইনে অর্থমন্ত্রী আমিরর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।
সভায় মোট ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রল আমদানির তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে, কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপির কাছ থেকে ৫ লাখ টন হাই স্পিড ডিজেল (এইচএসডি/এজিও) সরাসরি ক্রয় করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এছাড়া সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডসির কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রল আমদানির প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিলেও, ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও জ্বালানি বিভাগ থেকে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে।
একইভাবে, ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল আমদানির প্রস্তাবও অনুমোদন করা হলেও ক্রয় কমিটি থেকে এটি প্রত্যাহার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে