সাত জেলায় নতুন পুলিশ সুপার
দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
এ ছাড়া নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে। খুলনার দায়িত্ব পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
অন্যদিকে ফেনীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার জসিম উদ্দীন। গাইবান্ধার নতুন পুলিশ সুপার হয়েছেন এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম। নওগাঁর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
প্রজ্ঞাপনে সাত জেলার পুলিশ সুপার নিয়োগের পাশাপাশি পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
মতামত দিন