Views Bangladesh Logo

আরও ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক দায়িত্ব পালন করবেন।

নিয়োগ অনুযায়ী, বিলকিস আক্তার জাহান শিরীন বরিশাল সিটি করপোরেশন, মো. মাহফুজুর রহমান রাজশাহী সিটি করপোরেশন, মো. রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ সিটি করপোরেশন, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর সিটি করপোরেশন এবং মো. ইউসুফ মোল্লা কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

জানা গেছে, নতুন নিয়োগ পাওয়া সবাই বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ছয়টি সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তখন মো. আব্দুস সালাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, মো. শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি করপোরেশন, নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি করপোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং মো. শওকত হোসেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পান।

এ নিয়ে সদ্য নির্বাচিত বিএনপি সরকারের আমলে মোট ১১টি সিটি করপোরেশন প্রশাসক নিয়োগ দেওয়া হলো। এর বাইরে বর্তমানে কেবল চট্টগ্রাম সিটি করপোরেশনের আদালতের রায়ে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা শাহাদাত হোসেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ