Views Bangladesh Logo

তেল মজুদকারীদের ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

অবৈধভাবে জ্বালানি তেল মজুদকারীদের শনাক্ত করতে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার এ ঘোষণা দেওয়া হয়।

সরকারি বার্তায় জানানো হয়, কেউ যদি তেল মজুদ বা পাচারের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য স্থানীয় প্রশাসনকে দেন, তবে যাচাই শেষে তাকে এই পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তাও দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

সরকার বলছে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে নানা পদক্ষেপ নেওয়া হলেও একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন এবং বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, চাহিদা মেটাতে সরকার তেলের সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়িয়েছিল। মার্চের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ তেল সরবরাহ করা হয়। তবুও পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়নি।

তিনি বলেন, একদিকে আতঙ্কে সাধারণ মানুষ বেশি করে তেল কিনছেন, অন্যদিকে অবৈধ মজুদদাররা তেল জমা করছেন—এই দুই কারণে বাজারে চাপ তৈরি হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি জেলায় ভিজিল্যান্স টিম গঠন, পাম্পে তদারকি বাড়াতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ এবং দেশব্যাপী অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে জরিমানা ও কারাদণ্ড দেওয়ার পাশাপাশি অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকার মনে করছে, জনসম্পৃক্ততা বাড়িয়ে এ ধরনের অনিয়ম রোধ করা গেলে বাজার দ্রুত স্থিতিশীল করা সম্ভব হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ