শনিবার খোলা রেখে ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটির প্রজ্ঞাপন জারি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী সোমবার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) অফিস খোলা থাকবে। অর্থাৎ ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও ওইদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাধারণ ছুটি ঘোষণা করা হলেও জরুরি কিছু সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, টেলিফোন-ইন্টারনেট ও ডাক সেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং চিকিৎসাসেবা সংশ্লিষ্ট কার্যক্রম।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে উচ্চ ও নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট দিকনির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটি নির্ধারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে