রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ
আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকলে রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান রেখে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩’ সংশোধন করেছে সরকার। এ সংশোধনী এনে গেজেট প্রকাশ করা হয়েছে শনিবার (১০ মে) রাতে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ গেজেট জারি করা হয়। বিষয়টি রোববার (১১ মে) সকালে জানা গেছে।
সংশোধিত আইনে বলা হয়েছে, সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (দ্বিতীয় সংশোধনী) অর্ডিন্যান্স, ২০২৫’ প্রণয়ন ও জারি করেছেন। এর আওতায় কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠী যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে সেই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে।
এই সংশোধনীকে কেন্দ্র করে শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতেই এ সংশোধনী আনা হয়েছে। একইসঙ্গে বিচার প্রক্রিয়া চলাকালে দলটির সব ধরনের কার্যক্রম—বিশেষ করে অনলাইনে কার্যক্রম—সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে।
নতুন সংশোধিত আইনে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের হয়ে বা পক্ষে থেকে আন্তর্জাতিক অপরাধে সহযোগিতা, নির্দেশনা, প্ররোচনা, ষড়যন্ত্র বা অংশগ্রহণ করে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে