সব ধরনের টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ, শিগগিরই আসছে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
দেশে হামের (মিজেলস) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা জোরদার করেছে। সরকার সব ধরনের টিকা ক্রয়ে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছে। এই টিকা জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) থেকে সংগ্রহ করা হবে এবং আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে আইসিইউ চালু, ভেন্টিলেটর সরবরাহ এবং বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা আইসিইউ ইউনিট মাত্র ১৮ ঘণ্টার মধ্যে পুনরায় চালু করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, আইসোলেশন সুবিধা ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জ ও রাজশাহীতেও নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, গত এক দশকে নিয়মিত টিকাদান কার্যক্রম থাকলেও ২০১৮ সালের পর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন হয়নি। ফলে যেসব শিশু টিকার আওতায় আসেনি বা পরে জন্ম নিয়েছে, তাদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।
স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকা ক্রয়ের অর্থ ইউনিসেফকে ইতোমধ্যেই প্রদান করা হয়েছে। পারচেস কমিটির অনুমোদনের পর অর্ডার দেওয়া হবে এবং সরবরাহ শুরু হবে। টিকা আসার সঙ্গে সঙ্গে দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।
টিকা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে বিশেষ টিকাদান কর্মসূচি নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে সরকার পুরো কার্যক্রম নিয়ন্ত্রণে রেখেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে