Views Bangladesh Logo

অনিশ্চয়তার মধ্যেও চ্যালেঞ্জকে রূপান্তরের লক্ষ্য নিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও বাণিজ্যিক চাপের মধ্যেও চ্যালেঞ্জকে সরকার রূপান্তরের লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে ‘রোডম্যাপ ফর ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি তিনটি পৃথক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট, বাণিজ্য অস্থিরতা এবং প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাবে উন্নয়নশীল দেশগুলো নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে এসব চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করাই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমান জ্বালানি সংকটের ব্যাপ্তি ১৯৭০-এর দশকের দুই দফা তেল সংকটের চেয়েও বড় হতে পারে, যা অনেক উন্নয়নশীল দেশের জন্য ১৯৮০-এর দশককে “হারানো দশক” হিসেবে পরিণত করেছিল।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর একটি সুস্পষ্ট রূপকল্প রয়েছে, যার ভিত্তিতে তিনটি মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—স্থিতিশীলতা আনা, সংস্কার বাস্তবায়ন করা এবং উন্নয়ন ত্বরান্বিত করা। এই রূপকল্পকে কার্যকর পদক্ষেপে রূপান্তর করাই এখন মূল কাজ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা গড়ে তুলতে আস্থা ও বিশ্বাস পুনর্গঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও ব্যবসাবান্ধব গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সব নাগরিকের মর্যাদা নিশ্চিত করে উন্নয়নের পথে অগ্রসর হওয়াই সরকারের অঙ্গীকার। তিনি অর্থনৈতিক ন্যায্যতা ও স্বচ্ছতার ওপর গুরুত্ব দেন।

উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

সম্মেলনের প্রথম কর্ম অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বক্তব্য দেন।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে বিনিয়োগ ও অর্থনৈতিক কূটনীতির সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সংযুক্তি বৃদ্ধি, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং তাদের সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করবে।

শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকারের সব কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ