বাংলাদেশকে সিঙ্গাপুর-কানাডা নয়, বাসযোগ্য করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী
বিএনপি সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডার মতো বানানোর প্রতিশ্রুতি দেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দেশকে বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত পরিবেশে গড়ে তোলা।
শনিবার (১১ জুলাই) সাভারের বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের মতো অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে মানুষের বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে রাষ্ট্র ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, সাভার ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের সমন্বয়ে এলাকা পরিষ্কার করে ব্যারিকেড ও নিমগাছ রোপণের পরিকল্পনাও রয়েছে, যাতে ভবিষ্যতে সড়কের পাশে কেউ বর্জ্য ফেলতে না পারে।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের নির্ধারিত ল্যান্ডফিলে বর্জ্য ফেলার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
মতামত দিন