সোলার থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত্রী
প্রাথমিক পর্যায়ে সৌরবিদ্যুৎ (সোলার) থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এনডিপি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানির আমদানিনির্ভরতা কমাতে গ্রামীণ পর্যায়ে ব্যাপকভাবে সোলার প্যানেল স্থাপনের বিকল্প নেই। এ উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর শুধু জ্বালানি আমদানিতেই প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে। আমদানিনির্ভর জ্বালানির কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় ও দাম বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ সমুদ্রভিত্তিক জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। তাই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, গ্রামীণ এলাকায় সোলার প্যানেলের ব্যবহার বাড়লে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
এ সময় তৃণমূল পর্যায়ে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে এনজিওগুলোর জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার আশ্বাসও দেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী।
মতামত দিন