রাজধানী-গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য কমানোই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানী ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য কমিয়ে সারাদেশে সমমানের চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন শেষে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার মানুষের মতো গ্রামের মানুষও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সমান অধিকার রাখে। এ লক্ষ্য বাস্তবায়নে কমিউনিটি ক্লিনিক, উপজেলা হাসপাতাল ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোকে আরও আধুনিক করা হবে। আগামী মাস থেকেই এ-সংক্রান্ত উন্নয়ন কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চিকিৎসা শিক্ষা ও গবেষণার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। বিভিন্ন মেডিকেল কলেজে আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ চলছে।
চিকিৎসকদের উদ্দেশে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত একটি মহান সেবা। রোগ নিরাময়ের পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। একজন চিকিৎসকের আন্তরিক আচরণ ও হাসিমুখে কথা বলা একজন রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও করবে। তবে জনগণকে চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব মেনে নেওয়া হবে না। চিকিৎসক হিসেবে সনদ অর্জনের পর থেকেই মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত দিন