টাকা ছাপার খরচ কমাতে নগদবিহীন লেনদেন বাড়ানোর আহ্বান গভর্নরের
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, টাকার নোট মুদ্রণ, সংরক্ষণ, পরিবহন এবং বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। এই উল্লেখযোগ্য সরকারি ব্যয় কমাতে দেশজুড়ে নগদবিহীন লেনদেন বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তায় জোর দিয়েছেন তিনি।
রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে আহসান এইচ মনসুর বলেন, ‘নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল পেমেন্ট বাড়ানো জনগণের তহবিল সাশ্রয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ’।
তিনি ব্যাখ্যা করেন, ‘বছরে মুদ্রা সরবরাহে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়। এটি রোধে বাংলাদেশ ব্যাংক কিউআর কোডভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে নীতিগত উদ্যোগ ও প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে সক্রিয়ভাবে সহায়তা করছে’।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সংলাপে আরও ছিলেন বস্ত্র ও পাট এবং নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
গভর্নর বলেন, ‘ব্যবসা ও গ্রাহক উভয়ের জন্য দ্রুত, নিরাপদ ও আরও স্বচ্ছ লেনদেন সহজতর করতে লাইসেন্সপ্রাপ্ত সব আর্থিক প্রতিষ্ঠানকে কিউআর কোড নিতে হবে। এটি নগদের ব্যবহার ও রাষ্ট্রীয় ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাবে’।
ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের গুরুত্বেও জোর দেন মনসুর। জানান, শতভাগ জনগণের কাছে স্মার্টফোনের প্রবেশযোগ্যতা বাড়াতে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে দামে ভালোমানের স্মার্টফোন বাজারে আনার প্রচেষ্টা চলছে।
‘এই লক্ষ্য অর্জনে ইন্টারনেট খরচ কমানো ও উন্নতমানের পরিষেবাও অপরিহার্য’- বলেন তিনি।
মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, ব্যাংকিং খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও অন্য উদ্যোগ রপ্তানি স্থিতিশীল ও অর্থনীতিকে বড় ধাক্কা থেকে রক্ষা করেছে। তবে, বিদেশি বিনিয়োগের অভাব, কর্মসংস্থানে স্থবিরতা বৃদ্ধি এবং রাজস্ব আদায়ের ধীরগতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মতামত দিন