Views Bangladesh Logo

স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সময়সূচি সরকারের সঙ্গে আলোচনা করে পরিবর্তন, পিছিয়ে দেওয়া কিংবা এগিয়ে নেওয়া সম্ভব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন, এ নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। নির্বাচন কমিশন নিজেদের বিবেচনায় একটি সময়সূচি দিয়েছে। সরকারের অবস্থান হিসেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যকেই বিবেচনা করা হবে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সরাসরি সাংবিধানিক দায়িত্ব রয়েছে। তবে অন্যান্য নির্বাচন আইন অনুযায়ী সরকারের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনও এ ব্যবস্থার অন্তর্ভুক্ত।

ইসির ঘোষিত সময়সূচিকে কেন্দ্র করে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে কোনো দূরত্ব বা মতবিরোধ তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বিষয়টিকে সংঘাত হিসেবে দেখতে রাজি নন। তাঁর ভাষ্য, নির্বাচন কমিশন যে সময়সূচি দিয়েছে, তা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনে পরিবর্তন করা যেতে পারে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনের সাংবিধানিক কাঠামো এক নয়। সংসদের মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিজস্ব এখতিয়ারে দায়িত্ব পালন করবে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সঙ্গে সমন্বয় এবং সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ