Views Bangladesh Logo

জাতীয় ঐক্য ও দেশ গঠনের লক্ষ্যেই কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান—সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—এই মূলনীতিকে ধারণ করে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশে জনগণ একটি তুলনামূলক শান্তিপূর্ণ ও মুক্ত পরিবেশে ঈদসহ বিভিন্ন উৎসব উদ্‌যাপন করছে। তিনি দেশের শান্তিশৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান।

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকো ও ডা. জুবাইদা রহমানের বাবার কবর জিয়ারত করেন তারা। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডে নিহত বিজিবি সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া করেন।

প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বিসিবি অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ